রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

সাংবাদিক হত্যার প্রতিবাদে আরইউজে’র মানববন্ধন

Reporter Name / ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে যারা প্রকাশ্যে গুলি ছুঁড়ছিল, সাংবাদিক মুজাক্কির তাদের ছবি তুলছিলেন। সে কারণে তাকেই গুলি করা হয়। এরপর তার ক্যামেরা থেকে মেমোরিকার্ড খুলে নেয়া হয়। অপরাধীরা যেন চিহ্নিত না হয় সে জন্যই মুজাক্কিরকে হত্যা করা হয়েছে। সমাবেশ থেকে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের আমলে সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। কিন্তু সাংবাদিক হত্যার বিচার হচ্ছে না। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় একের পর এক সাংবাদিককে হত্যা করা হচ্ছে। তাই সমাবেশ থেকে সকল সাংবাদিক হত্যার কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। তারা বলেন, সাংবাদিক হত্যার একটি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হলে এ ধরনের ঘটনা কমে আসবে। তাই অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে।

আরইউজের সভাপতি রফিকুল ইসলাম কর্মসূচিতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক তানজিমুল হকের পরিচালনায় এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- কলামিস্ট প্রশান্ত কুমার সাহা ও সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি ও রাজশাহী বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- স্থানীয় দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি মামুন-অর-রশিদ, বিএফইউজের নির্বাহী সদস্য জাবীদ অপু, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল প্রমুখ।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরইউজের সাবেক সভাপতি কাজী শাহেদ, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রকি, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, সালাহউদ্দিন, আরইউজের সদস্য সুব্রত দাস, শামীম হোসেন, দুলাল আব্দুল্লাহ, আবদুস সাত্তার ডলার, কাজী নাজমুল ইসলাম, আবরার সাঈর, আমজাদ হোসেন শিমুল, রিমন রহমান প্রমুখ।

আরবিসি/২৫ ফেব্রুয়ারি/ রোজি


More News Of This Category