পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর: সেমিনারে বক্তারা
স্টাফ রিপোর্টার: দ্রুত পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন নদী গবেষক, কৃষিবিদ, প্রকৌশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের খরাপ্রবণ কৃষিজমিতে সেচ সুবিধা সম্প্রসারণ সম্ভব হবে।
শনিবার (২৮ নভেম্বর) রাজশাহী কলেজ মিলনায়তনে ‘পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল ও দূষণমুক্তকরণ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের সুধী সমাজের প্রতিনিধি, শিক্ষক, কৃষিবিদ, নদী বিশেষজ্ঞ, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
মূল প্রবন্ধে বলা হয়, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম অগ্রাধিকার ছিল পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। সরকার গঠনের পর রাজবাড়ীর পাংশায় প্রকল্পটির প্রথম পর্যায়ের অনুমোদনের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। পরিবেশ সংরক্ষণ, নদীভাঙন রোধ, কৃষি সেচের আধুনিকায়ন ও উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা দূরীকরণের লক্ষ্য পূরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রবন্ধে আরও বলা হয়, ফারাক্কার প্রভাবে পদ্মার পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় দেশের বিস্তীর্ণ অঞ্চল মরুকরণের ঝুঁকিতে পড়েছে। গড়াই, বড়াল ও মধুমতির মতো শাখা নদীগুলোও পানিপ্রবাহ সংকটে পড়েছে। রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মিত হলে পদ্মার পানির উচ্চতা ও নাব্যতা বাড়ানোর পাশাপাশি বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলা এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়।
সমীক্ষার তথ্য তুলে ধরে প্রবন্ধে জানানো হয়, ব্যারেজটি চালু হলে জাতীয় জিডিপিতে সরাসরি ০.৪৫ শতাংশ অবদান রাখার পাশাপাশি প্রতিবছর প্রায় ৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া সম্ভব। এ ছাড়া উত্তর-রাজশাহী সেচ প্রকল্পের আওতায় গোদাগাড়ীতে ইনটেক স্ট্রাকচার ও সেন্ট্রাল পাম্প স্টেশন স্থাপনের মাধ্যমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিস্তীর্ণ খরাপ্রবণ কৃষিজমি সেচের আওতায় আনা সম্ভব হবে।
সেমিনারে আলোচনায় বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, পদ্মা ব্যারেজ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা, প্রথম পর্যায়ের কাজ শুরুর সঙ্গে সঙ্গে দ্বিতীয় পর্যায়ের কার্যকর পরিকল্পনা গ্রহণ, ব্যারেজ নির্মাণের পর উত্তর-রাজশাহী সেচ প্রকল্প ও বড়াল অববাহিকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং বরেন্দ্র অঞ্চলের ব্যক্তিমালিকানাধীন পুকুর, জলাশয় ও দিঘি প্রয়োজনে অধিগ্রহণ করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা। পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণেরও দাবি জানান তাঁরা।
মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মো. মোতাহার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী মো. জাহিদ, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা ও অধ্যাপক মর্জিনা বেগম।
এ ছাড়া বক্তব্য দেন বিএমডিএর প্রকৌশলী হারুন অর রশিদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নওগাঁর আত্রাইয়ের ফরিদুল আলম পিন্টু, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, এনজিও ব্যক্তিত্ব আফজাল হোসেন ও মফিজ উদ্দিন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, বরেন্দ্রভূমির কৃষি ও পরিবেশ রক্ষায় উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে মৃতপ্রায় বড়ালসহ অন্যান্য ছোট নদী দখল ও দূষণমুক্ত করে টেকসইভাবে পুনরুজ্জীবিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।