রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্ক করা হবে: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু
স্টাফ রিপোর্টার : রাজশাহীর ঐতিহ্যবাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় আনা হবে এবং সব ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (১৩ জুলাই) সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে রাসিক প্রশাসক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইডসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “এক সময় রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু বিগত সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে এবং অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। এটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও জানান, চিড়িয়াখানাটিকে নতুনভাবে গড়ে তুলতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া বিগত সময়ে চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা কী—এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষি ঋণ মওকুফ, ইমামদের সম্মানি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, রাজশাহীতে নিরাপদভাবে মাংস সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করতে একটি আধুনিক ‘মিট প্রসেসিং সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যে সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্বল্প সময়ের মধ্যে রাজশাহী নগরীর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনসহ নগর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি করায় সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের প্রশংসা করেন তিনি।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়খানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।