পানি সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হলেন রাজশাহীর এমপি শফিকুল হক মিলন
স্টাফ রিপোর্টার : পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের কার্যক্রমে তাঁকে এ কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় রাজশাহীসহ তাঁর নির্বাচনী এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। পাশাপাশি নদী রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ এবং সেচব্যবস্থার উন্নয়নে নতুন গতি আসবে। বিশেষ করে পদ্মা নদীর ভাঙন, নদী খনন, পানি সংরক্ষণ ও সেচসুবিধা সম্প্রসারণের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে অধিক গুরুত্ব পাবে বলে আশা করছেন তারা।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় এমপি শফিকুল হক মিলনকে আন্তরিক অভিনন্দন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা এবং নদী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে রাজশাহী অঞ্চলের নদীভাঙন, সেচ ও পানি ব্যবস্থাপনা–সংক্রান্ত বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, পানি সম্পদ দেশের অর্থনীতি, কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন। নদী রক্ষা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পের কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে রাজশাহীর প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হলো। একই সঙ্গে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ ও টেকসই উন্নয়ন–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর তদারকি ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।ঊীবপঁঃরাব ইৎধহপয