রাজশাহীতে সৌরবিদ্যুৎচালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্সের যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার : গ্রামীণ ও দুর্গম এলাকায় দ্রুত জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে রাজশাহীতে যুক্ত হচ্ছে সৌরবিদ্যুৎচালিত বিশেষ থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স। সংকীর্ণ রাস্তা, মেঠোপথ ও সরু গলিতে যেখানে প্রচলিত অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না, সেখানে মুমূর্ষু রোগী পরিবহনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লবিতে সৌরবিদ্যুৎচালিত এই বিশেষ থ্রি-হুইলার অ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধন করা হয়। চেম্বারের সভাপতি হাসেন আলী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
দেশে প্রচলিত বৈদ্যুতিক থ্রি-হুইলারকে রূপান্তর করে তৈরি করা হয়েছে এই অ্যাম্বুলেন্স। এতে ব্যবহার করা হয়েছে ‘সৌরবিদ্যুৎচালিত ডিসি ন্যানোগ্রিড প্রযুক্তি’। সৌর প্যানেল ও ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সঞ্চয় করে অ্যাম্বুলেন্সের ভেতরের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
অ্যাম্বুলেন্সটির ছাদে ১০০ ওয়াটের তিনটি সোলার প্যানেলসহ মোট ৩০০ ওয়াটের সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। পাশাপাশি রয়েছে সেন্ট্রাল ডিসপ্লে। এর মাধ্যমে বিদ্যুৎ খরচ ও পাওয়ার আউটপুট পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়।
ছোট আকৃতির এই অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের পাশাপাশি প্রাথমিক জরুরি চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার, রক্তচাপ মাপার যন্ত্র ও ফার্স্ট-এইড বক্স। রোগীর স্বাচ্ছন্দ্যের জন্য পর্যাপ্ত আলো ও ফ্যানের ব্যবস্থাও রয়েছে।
গবেষক ও উদ্যোক্তা এবং ওয়েস্টার্ণ ইউনিভার্সিটি কানাডার শিক্ষার্থী সারা খান বলেন, সোলার প্যানেলটি গাড়ির প্রচলিত চার্জিং ব্যবস্থার বিকল্প হিসেবে নয়, বরং অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহার করা হয়েছে। এর ফলে চলাচলের সময় জরুরি চিকিৎসা সরঞ্জামগুলো নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হবে। পাশাপাশি অ্যাম্বুলেন্স জরুরি কাজে না থাকলে বা পার্কিং অবস্থায় সূর্যের আলো থেকে বিদ্যুৎ সংগ্রহ করে ব্যাটারি রিচার্জ করা যাবে।
তিনি আরও বলেন, বড় আকারের অ্যাম্বুলেন্সের বিকল্প এটি নয়। তবে যেসব এলাকায় বড় যানবাহন প্রবেশ করতে পারে না কিংবা নির্ভরযোগ্য বিদ্যুতের সুবিধা নেই, সেসব এলাকায় প্রাথমিক জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই অ্যাম্বুলেন্স কার্যকর ভূমিকা রাখতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সাকলাইন ও শাকিলুর রহমান শাকিল, প্রাইম ব্যাংকের ম্যানেজার সাইদ ইমাম, উদ্যোক্তা সারা খানের পিতা শাহ নেওয়াজ খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৌরবিদ্যুৎচালিত এই থ্রি-হুইলার অ্যাম্বুলেন্সটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।
আরবিসি/১০ সেপ্টেম্বর'২৬/ রোজি