রাজশাহীতে পররাষ্ট্রনীতি ও কূটনীতি বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কূটনীতিতে জনসম্পৃক্ততা বাড়ানো এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে রাজশাহীতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর কাজীহাটা এলাকার এনজিও ফোরাম মিলনায়তনে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) আয়োজনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস), রাজশাহী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। কর্মশালা পরিচালনা করেন বিইআইয়ের কর্মকর্তা ইফতেখার হোসাইন।
সভায় এম হুমায়ুন কবির বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কূটনীতিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা ও মতামতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পররাষ্ট্রনীতি প্রণয়ন ও বাস্তবায়নে জনমতের প্রতিফলন থাকা প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশের কূটনীতি নিয়ে গবেষণা ও নীতিভিত্তিক কাজের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উপস্থিত অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর দীপকেন্দ্র নাথ রায়, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, বিবি হিন্দু একাডেমির প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সরকার, লফসের নির্বাহী পরিচালক ও সাবেক কাউন্সিলর শাহনাজ পারভিন লাকিসহ শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, এনজিওকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।