রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরির ওপর রাজশাহীতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের অর্থায়নে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেন।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক আবুজার, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম এবং প্রকল্প কো-অর্ডিনেটর রুহুল আমিন প্রশিক্ষণ পরিচালনা করেন।
প্রশিক্ষণে মানবাধিকার, পরিবেশগত মানবাধিকার, রাজশাহীর পরিবেশগত অবক্ষয় ও তা সমাধানে করণীয়, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরি, পরিবেশ সাংবাদিকতার বিভিন্ন বিষয় এবং অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় অংশগ্রহণকারী সাংবাদিকরা রাজশাহী অঞ্চলের পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং এসব বিষয়ে করণীয় নিয়ে মতামত ও তথ্য উপস্থাপন করেন।
প্রশিক্ষণে টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম, মাকসুদা খানম ও আবু ইউসুফ কো-ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন।