রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
‘জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরি’ শীর্ষক এ প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীরা পরিবেশ বিপর্যয় রোধে নিজ নিজ পেশাগত অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ্ বাংলাদেশের অর্থায়নে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ প্রকল্পের আওতায় রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন।
প্রশিক্ষণের শেষ দিনে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক আবুজার পরিবেশবিষয়ক সংবাদ প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। পরে পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয় চিহ্নিত করে দলীয়ভাবে প্রতিবেদন তৈরি ও উপস্থাপন করেন প্রশিক্ষণার্থীরা।
ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প কো-অর্ডিনেটর রুহুল আমিন পরিবেশগত মানবাধিকার বিষয়ে প্রতিবেদন তৈরির প্রয়োজনীয়তা এবং এসব প্রতিবেদন যথাযথভাবে গণমাধ্যমে প্রকাশের গুরুত্ব তুলে ধরেন।
দুই দিনের প্রশিক্ষণে মানবাধিকার, পরিবেশগত মানবাধিকার, পরিবেশগত অবক্ষয় ও এর প্রতিকার, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন, পরিবেশ সাংবাদিকতা এবং অনুসন্ধানী সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করা হয়।
প্রশিক্ষণে টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম, মাকসুদা খানম ও আবু ইউসুফ কো-ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের প্রভাব দিন দিন দৃশ্যমান হচ্ছে। এসব বিষয়ে জনসচেতনতা তৈরি এবং পরিবেশগত মানবাধিকার রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই পরিবেশ ও মানবাধিকারের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তথ্যনির্ভর ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে তারা আরও সক্রিয় ভূমিকা রাখবেন।