'রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম'র নবনির্বাচিত কমিটির অভিষেক, প্রধান অতিথি রাসিক প্রশাসক রিটন
স্টাফ রিপোর্টার : রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত ৮টায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, বাসযোগ্য ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শুদ্ধতা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন বিশেষ সম্মাননা অর্জন করেছে। এ অর্জন কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অনুপ্রেরণা বাড়িয়েছে।
মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিতে এবং বিশ্বদরবারে আধুনিক ও উন্নত নগরী হিসেবে তুলে ধরতে মহানগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সবার সার্বিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি নতুন, সুন্দর ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, ফোরামের প্রধান নির্বাচন কমিশনার এবং দৈনিক গণধ্বনি প্রতিদিন ও সময়ের কথা-২৪ ডটকমের প্রকাশক ও সম্পাদক ইয়াকুব শিকদার, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান মঈন উদ্দিন, শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান এবং শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ আকবর আলী প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল হক রনিসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।