রাজশাহীতে পুলিশ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন পুলিশ সদস্য মেহেদী হাসান। তাকে মাদকসেবী হিসেবে অপপ্রচার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাজশাহী নগরীর অলকার মোড়ে চেম্বার অব জার্নালিস্টের অফিসকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মেহেদী হাসান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তাকে হেনস্তা করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তার দাবি, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনার সূত্রপাত।
ঘটনার বিবরণ দিয়ে মেহেদী হাসান জানান, পূর্বপরিচিত রঞ্জু আলীর কাছে তার মোট ৭ হাজার টাকা পাওনা ছিল। এর মধ্যে ১ হাজার ৬০০ টাকা পরিশোধ করা হলেও বাকি ৫ হাজার ৪০০ টাকা পরিশোধের জন্য বিভিন্ন সময়ে তাগাদা দেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ও কথা-কাটাকাটির সৃষ্টি হয়।
তিনি অভিযোগ করেন, ঘটনার দিন সন্ধ্যায় পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর দোকান থেকে ঠান্ডা পানীয় ও বিস্কুট নিয়ে আসার কথা বলে ওই ব্যক্তি কৌশলে সেখান থেকে সরে যান। কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন ব্যক্তি ওই কক্ষে প্রবেশ করে তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে বাগ্বিতণ্ডার সৃষ্টি হলে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাকে মাদকসেবী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়।
মেহেদী হাসান আরও বলেন, পরবর্তী সময়ে তাকে থানায় নিয়ে ডোপ টেস্ট করানো হলে পরীক্ষার ফলাফলে মাদক গ্রহণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরও ঘটনার একটি খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পাওনা টাকা পরিশোধ না করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে এমন পরিস্থিতিতে ফেলা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় তিনি সামাজিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন।
তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার উভয় দিক যাচাই করে প্রকৃত সত্য তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান মেহেদী হাসান।