সাইনবোর্ডে মেয়ের নাম, রোগী দেখেন বাবা! রাজশাহীতে হোমিও চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ
স্টাফ রিপোর্টার: সাইনবোর্ডে চিকিৎসক হিসেবে মেয়ের নাম। অথচ চেম্বারে রোগী দেখছেন বাবা। হোমিওপ্যাথিতে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা না থাকার কথা স্বীকার করেও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকার ‘নিউ লাইফ হোমিও হল’-এর বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায়, নওহাটা পেট্রোল পাম্পের পাশে অবস্থিত প্রতিষ্ঠানটির সামনে সকাল থেকেই রোগীদের দীর্ঘ লাইন। শিশু থেকে বৃদ্ধ, বিভিন্ন বয়সী মানুষ আসছেন চিকিৎসা নিতে। তবে প্রতিষ্ঠানটির সাইনবোর্ডে চিকিৎসক হিসেবে রয়েছে দীপিকা রানী মন্ডলের নাম। অথচ চেম্বারের ভেতরে রোগী দেখছেন তাঁর বাবা রমেশ কুমার মন্ডল।
চেম্বারে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া ও ওষুধ সরবরাহ করতেও দেখা যায় তাঁকে। তাঁর চিকিৎসা দেওয়ার প্রাতিষ্ঠানিক যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে গোপন ক্যামেরায় ধারণ করা কথোপকথনে রমেশ কুমার মন্ডল নিজেই স্বীকার করেন, হোমিওপ্যাথিতে তাঁর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা নেই। কেবল অভিজ্ঞতার ভিত্তিতেই রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন বলে দাবি করেন তিনি।
প্রতিদিন এই চেম্বারে অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে শিশু ও বয়স্করাও রয়েছেন। ফলে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধন ছাড়া চিকিৎসা দেওয়ার অভিযোগ সত্য হলে তা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
এদিকে, অনুসন্ধানী প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদেরও বাধার মুখে পড়তে হয়। অভিযোগ রয়েছে, নিজের বিরুদ্ধে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে রমেশ কুমার মন্ডল ও তাঁর সহযোগীরা সাংবাদিকদের সঙ্গে উগ্র আচরণ করেন। একপর্যায়ে সাংবাদিকদের ঘিরে ধরে হেনস্তা ও মব সৃষ্টির চেষ্টাও করা হয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও স্বীকৃত যোগ্যতা ছাড়া চিকিৎসা দেওয়া রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। ভুল রোগ নির্ণয় ও যথাযথ চিকিৎসার অভাবে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এ ঝুঁকি আরও বেশি।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটিতে চিকিৎসার কার্যক্রম চলছে। তাঁরা প্রতিষ্ঠানটির বৈধতা, চিকিৎসকের পরিচয় এবং চিকিৎসা দেওয়ার যোগ্যতা যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, প্রতিষ্ঠানের সাইনবোর্ডে একজনের নাম দেখে তাঁরা চিকিৎসা নিতে এসেছেন। কিন্তু চেম্বারে গিয়ে অন্য ব্যক্তিকে চিকিৎসা দিতে দেখে তাঁদের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সাইনবোর্ডে মেয়ের নাম, অথচ চেম্বারে বাবার চিকিৎসা; তাঁর প্রাতিষ্ঠানিক যোগ্যতা নিয়েও প্রশ্ন। এর সঙ্গে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ সব মিলিয়ে ‘নিউ লাইফ হোমিও হল’কে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।