ক্ষুদে বিজ্ঞানীদের বিস্ময়কর উদ্ভাবনে মুখর রাজশাহীর পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে রাজশাহীর পিস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘সায়েন্স ফেয়ার-২০২৬’। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা নিজেদের তৈরি নানা বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী মডেল প্রদর্শন করে। তাদের বিস্ময়কর উদ্ভাবন ও সৃজনশীল উপস্থাপনায় মেলাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), রাজশাহী গবেষণাগারের পরিচালক মো. হাবিবুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম. মুর্শেদ জামান মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলাউদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিস স্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যান ড. জহিরুল ইসলাম ফারুক, ফাইন্যান্স ডিরেক্টর মো. আরিফ আল-মাসুদ ফারুকী, রাজশাহী কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. সাজেদুল ইসলাম, রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আতিক আলী এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও নানা মডেল দর্শনার্থীদের সামনে তুলে ধরে। এসব প্রকল্পে তাদের সৃজনশীলতা, বাস্তবমুখী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের প্রতিফলন ঘটে। ক্ষুদে বিজ্ঞানীদের ব্যতিক্রমী উদ্ভাবন ও উপস্থাপনা দেখতে মেলায় শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে তাদের প্রকল্প ও উদ্ভাবনের বিষয়ে কথা বলেন। এ সময় তারা শিক্ষার্থীদের প্রচেষ্টার প্রশংসা করেন।
অতিথিরা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞানচর্চা, গবেষণা ও নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করা প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি বাস্তব সমস্যা নিয়ে চিন্তা করতে শেখায়। ভবিষ্যতে দক্ষ, বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পিস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানায়, আধুনিক জ্ঞান-বিজ্ঞান, নৈতিক শিক্ষা ও সৃজনশীলতার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য, আত্মবিশ্বাসী ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য। ‘The Quest for the Best’ প্রত্যয়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।